করোনা ভাইরাস

ছয় বিভাগে নতুন কোনো মৃত্যু নেই

দেশের ছয়টি বিভাগে গত এক দিনে করোনা ভাইরাস আক্রান্ত কারো মৃত্যু হয়নি; দুই বিভাগে নতুন কোনো রোগীও শনাক্ত হয়নি। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ২৯৪ জনের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে ছয় জনের। ঐ ছয় জনই ছিলেন ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।

এর আগে গত বুধবার ঢাকা বিভাগে শূন্য মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। গতবছরের এপ্রিলের পর ঢাকা বিভাগে সেটাই ছিল প্রথম মৃত্যুহীন দিন। মঙ্গলবার ঢাকা, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ বিভাগে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও বরিশাল বিভাগে নতুন করে কারো করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েনি। দেশের ২৬টি জেলা থেকে নতুন কোনো রোগী শনাক্তের খবর আসেনি। গত এক দিনে শনাক্ত নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৮ হাজার ৮৫৭ জনে, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৭ হাজার ৮৪৭ জন।