ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, কুমিল্লার পূজামণ্ডপে পবিত্র কোরআন অবমাননা, পূজামণ্ডপ ভাঙচুরসহ বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা দেশ ও দেশের স্বার্থবিরোধী অপশক্তির ইচ্ছাকৃত ও পরিকল্পিত ঘটনা। এই অপশক্তি যে দলেরই হোক না কেন, তাদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না। মন্ত্রী গতকাল বৃহস্পতিবার কুমিল্লা নগরীর নানুয়াদীঘির উত্তর পাড়ের অস্থায়ী পূজামণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। এ সময় কুমিল্লা সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার, চান্দিনার এমপি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, কুমিল্লা জেলাপ্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদ এবং হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, দেশের অগ্রযাত্রা ব্যাহত করার জন্য অপশক্তি এ ধরনের ঘটনা ঘটিয়েছে। যারা এ ঘটনার সঙ্গে যুক্ত তারা কোনো ধর্মের বা দলের লোক হতে পারে না। অপরাধ যে-ই করুক, তাকে শাস্তি পেতেই হবে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন আর ভবিষ্যতে না ঘটে, এজন্য তিনি প্রশাসন, জনপ্রতিনিধিসহ সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এর আগে মন্ত্রী শারদীয় দুর্গাপূজায় ক্ষতিগ্রস্ত নগরীর কাপড়িয়াপট্টির চাঁন্দ রক্ষাকালী মন্দিরসহ কয়েকটি মন্দির এলাকা পরিদর্শন করেন। পরে মন্ত্রী কুমিল্লা জেলাপ্রশাসকের সম্মেলনকক্ষে আন্তঃধর্মীয় সংলাপে অংশ নেন।