নিখোঁজের ১৫ ঘণ্টা পরে খাল থেকে রাখাইন বুদাইয়ের (৪৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৯ অক্টোবর) সকালে বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের নামিশে পাড়া এলাকার খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বুদাই ওই গ্রামের নোচামং রাখাইনের ছেলে।
জানাগেছে, উপজেলার নামিশেপাড়া গ্রামের নোচামং রাখাইনের ছেলে বুদাই বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে বাড়ির পাশের খালে মাছ শিকার করতে যান। এরপর থেকে তিনি আর বাড়িতে ফিরে আসেননি। শুক্রবার সকাল ৮ টার দিকে স্থানীয়রা মিলে খালে তাকে খুঁজতে থাকেন। এ সময় খালের ভিতরে মাছধরার ঝাইলের মধ্যে তার হাতে জাল পেঁচানো অবস্থায় মরদেহ দেখতে পায়। পরে তারা মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেয়। তার শরীরে বিভিন্নস্থানে ক্ষত চিহ্ন রয়েছে।
তালতলী থানার ওসি মো. কামরুজ্জামান মিয়া বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তিনি আরও বলেন, পরিবার দাবি করেন বুদাই দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, মাছ শিকার করতে গিয়ে তিনি অসুস্থ হয়ে মারা গেছেন।
ইত্তেফাক/এমএএম