বিনোদন ডেস্ক
আবারো হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে চেন্নাইয়ের কাবেরী হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। অভিনেতার প্রচার সচিব রিয়াজ কে আহমেদ সংবাদ সংস্থা পিটিআইকে জানান, নিয়মিত চেকআপের অংশ হিসেবেই রজনীকান্তকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা তেমন গুরুতর নয়।
উল্লেখ্য, এর আগে গত বছরের ডিসেম্বরেও হায়দ্রাবাদের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন রজনী। সে সময় তার রক্তচাপ কমে গিয়েছিল। যদিও দু’দিন পরই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
এদিকে, দাদাসাহেব ফালকে পুরস্কার নিতে কয়েক দিন আগেই দিল্লি গিয়েছিলেন রজনীকান্ত। এ সময় ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করেন তিনি। রজনীকান্ত তার অভিনীত অনেক সিনেমার জন্য অসংখ্য পুরস্কার অর্জন করেন, বিশেষভাবে তামিল সিনেমার জন্য। বলিউডেও দারুণ জনপ্রিয় এই অভিনেতা। এছাড়া আগামী ৪ নভেম্বর তার নতুন সিনেমা ‘আন্নাথে’ মুক্তি পাবে।