রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে দৌলতদিয়া প্রান্তে ফেরি পারের অপেক্ষায় আটকে আছে আট শতাধিক যানবাহন। শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌ পথে ফেরি চলাচল বন্ধ থাকায় দুই ঘাটের গাড়ির চাপ পড়েছে দৌলতদিয়া পাটুরিয়া নৌপথে। যে কারণে নদী পারের অপেক্ষায় ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ফেরিঘাট থেকে গোয়ালন্দ বেইলি ব্রিজ এলাকা পর্যন্ত ৫ কিলোমিটার এলাকা জুড়ে পাঁচ শতাধিক যানবাহনের সারি সৃষ্টি হয়েছে। অন্যদিকে দৌলতদিয়া ফেরিঘাট থেকে ১৩ কিলোমিটার অদূরে গোয়ালন্দ মোড়ে রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক সড়কের আহলাদীপুর রাজবাড়ী জুটমিল পর্যন্ত চার শতাধিক পণ্যবাহী ট্রাক মহাসড়কে চার কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ লাইন দিয়ে রয়েছে। এর ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা। এ নৌরুটের পদ্মার পানি কমে গিয়ে নাব্যসংকট সৃষ্টির পাশাপাশি গত বুধবার আমানত শাহ নামের একটি বড় রো রো ফেরি পাটুরিয়া ঘাটে ডুবে গিয়ে বহরের একটি ফেরি কমে গেছে। দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে বর্তমানে মোট ১৮টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।
শুক্রবার দুপুরে দৌলতদিয়া ঘাট এলাকা ঘুরে দেখা যায়, দীর্ঘ লাইনে ট্রাক, কাভার্ড ভ্যান, পিকআপ যেমন রয়েছে, তেমনি রয়েছে দূরপাল্লার পরিবহনও। তবে যাত্রীবাহী পরিবহন ও কাঁচামালের গাড়িসহ জরুরি বাহনগুলো অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন অঞ্চল থেকে আসা এসব পণ্যবাহী গাড়ি ফেরিতে উঠতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। মহাসড়কে খোলা আকাশের নিচেই কাটছে তাদের নির্ঘুম রাত। ২৪ ঘণ্টা অপেক্ষা করেও ট্রাক চালকরা দেখা পাচ্ছেন না কাঙ্ক্ষিত ফেরির।