দৈনিক জমা ৯০০ টাকা বাস্তবায়নের দাবি সিএনজি অটোরিকশা চালকদের

বিশেষ প্রতিনিধি

বিআরটিএর ২০১৫ সালের ঘোষণা অনুযায়ী রাজধানীতে সিএনজি অটোরিকশার দৈনিক জমা ৯০০ টাকা বাস্তবায়নসহ ১০ দফা দাবি জানিয়েছে সিএনজিচালিত অটোরিকশা চালক সংগ্রাম পরিষদ। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, কাক ডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত কাজ করেও খাদ্য, বস্ত্র, ছেলেমেয়েদের শিক্ষার খরচ চালাতে পারছে না সিএনজি চালকরা। এমনকি ঘর ভাড়া দেওয়া দায় হয়ে উঠেছে। সড়কে সিএনজি অটোরিকশার মালিক-প্রশাসন ও চাঁদাবাজ, দালালদের অত্যাচার মাত্রা ছাড়িয়ে গেছে। মালিকরা অনৈতিকভাবে মাসে দুই বার জমা বাড়িয়েছে। এখন প্রতিদিন ১ হাজার ৬০০ টাকা ঋণের বোঝা নিয়ে যাত্রা শুরু করতে হয়। তারা আরো বলেন, প্রায় ১ হাজার সিএনজি মালিকের কাছে ঢাকা শহরের প্রায় ১ লাখ সিএনজি চালক ও ১ কোটি যাত্রী জিম্মি। যাত্রীদের ধারণা সিএনজি চালকরা যাত্রীদের ওপর জুলুম করে। কিন্তু চালকরা কতটা অসহায় সে কথা কখনো কেউ জানেই না, শুনেও না। নিয়োগপত্র না থাকায় চালকরা বছরে তিন-চার বার বেকার হন। সমাবেশে উপস্থিত ছিলেন পরিষদের আহ্বায়ক শেখ হানিফ, যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, ফোরকান, এ. আর জাহাঙ্গীর প্রমুখ।