ভ্রাম্যমাণ আদালতে রেস্তোরাঁকে জরিমানা

শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা

শ্রীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও খাবার মূল্য তালিকা না থাকায় দুইটি রেস্তোরাঁকে ভ্রাম্যমাণ আদালত ১৫ হাজার টাকা জরিমানা করেছে। বৃহস্পতিবার রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক উজ্জল কুমার হালদার উপজেলার বরমী ইউনিয়নের বরমী বাজারে এ জরিমানা করেন।

জানা যায়, রেস্তোরাঁয় খাবারের নির্দিষ্ট মূল্য তালিকা না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বরমী বাজারের জনতা হোটেলকে ১০ হাজার ও সিগনেচার হোটেল অ্যান্ড রেস্তোরাঁকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল কুমার হালদার জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫৩ ও ৩৮ ধারা অনুযায়ী দুইটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।