রাশিয়া সফর শেষে বিমান বাহিনী প্রধানের দেশে প্রত্যাবর্তন

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান রাশিয়া সফর শেষে গতকাল শুক্রবার দেশে প্রত্যাবর্তন করেছেন। উল্লেখ্য, বিমান বাহিনী প্রধান সস্ত্রীক এবং দুই জন সফর সঙ্গীসহ রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ও ফেডারেল সার্ভিস ফর মিলিটারি টেকনিক্যাল কো-অপারেশনের আমন্ত্রণে গত ২০ অক্টোবর এক সরকারি সফরে রাশিয়ায় গমন করেন।

সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান রাশিয়ার বিমান বাহিনীর প্রধান জেনারেল সুরভিকিন সের্গেই ভ্লাডিমিরভিচের সঙ্গে এক সৌজন্য সাক্ষাত্ করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন। এছাড়াও তিনি রাশিয়ার খ্যাতনামা প্রতিষ্ঠান রসোবরোনেক্সপোর্ট মহাপরিচালক ও ন্যাশনাল এভিয়েশন সার্ভিস কোম্পানির প্রতিনিধির সঙ্গে সৌজন্য সাক্ষাত্ এবং পেশাগত বিষয়ে আলোচনা করেন। রাশিয়ায় অবস্থানকালে বিমান বাহিনী প্রধান বিভিন্ন বিমান এবং হেলিকপ্টারের প্রোডাকশন প্লান্টসহ রাশিয়ার বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনা পরিদর্শন করেন। বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বিদ্যমান সৌহাদ্যপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় ও পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্র্রসারিত হবে বলে আশা করা যায়। এছাড়াও, এই সফরের মাধ্যমে রাশিয়ার শীর্ষ পর্যায়ের সামরিক ও বেসামরিক ব্যক্তিবর্গের সঙ্গে ফলপ্রসূ মতবিনিময় করার সুযোগ সৃষ্টি হয়। যার ফলে বাংলাদেশ বিমান বাহিনীতে উন্নত প্রযুক্তির সংযোজন, সরঞ্জামাদি সংগ্রহ ও রক্ষণাবেক্ষণে গতিশীলতা এবং সক্ষমতা বৃদ্ধির বিশেষ সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা যায়। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান রাশিয়া সফর শেষে দেশে প্রত্যাবর্তনের পূর্বে ইউএই (দুবাই) এ অনুষ্ঠিত দুবাই এক্সপো পরিদর্শন করেন। —আইএসপিআর।