চট্টগ্রাম অফিস
চট্টগ্রামের বিশিষ্ট সাংবাদিক, শিক্ষানুরাগী ও সমাজসেবক হেলাল হুমায়ুনের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষ্যে চট্টগ্রাম নগরীতে তার বাসভবনের কমিউনিটি হলে খতমে কোরআন, তাহলিল, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। সাতকানিয়ায় মরহুমের প্রতিষ্ঠিত আল হেলাল আদর্শ ডিগ্রি কলেজ, তালগাঁও আল হেলাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আল হেলাল মহিলা মাদ্রাসায় কবর জিয়ারত, শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও আলোচনাসভা অনুষ্ঠিত হবে। এছাড়া আল হেলাল ফাউন্ডেশনের পক্ষ থেকে আগামীকাল শনিবার নগরীর বিভিন্ন স্থানে এতিম ও দুস্থদের মধ্যে খাবার ও শীতবস্ত্র বিতরণের কর্মসূচি রয়েছে। মরহুম হেলাল হুমায়ুন বিভিন্ন জাতীয় পত্রিকায় চট্টগ্রাম ব্যুরোপ্রধান, সাংবাদিক সংগঠন ও সমাজকল্যাণমূলক সংস্থার গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। সাহিত্য, সাংস্কৃতিক, সামাজিক ও শিক্ষাক্ষেত্রে তার অনন্য অবদানের জন্য তিনি একাধিক স্বর্ণপদকে ভূষিত হন। বহুমুখী প্রতিভার অধিকারী হেলাল হুমায়ুন ১৯৫৬ সালের ১৫ জুন চট্টগ্রামের সাতকানিয়ার তালগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন এবং ২০১৬ সালের ৩০ অক্টোবর চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন।