মেহেরপুরে নির্বাচনি প্রচারণায় গিয়ে হামলার শিকার এক মেম্বার প্রার্থী

গাংনী (মেহেরপুর) সংবাদদাতা

গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণার সময় হামলার শিকার হয়েছেন এক মেম্বার প্রার্থী। রফিকুল ইসলাম (৫৫) নামের ঐ মেম্বর প্রার্থীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি ৪ নম্বর ওয়ার্ড (রামদেবপুর-মথুরাপুর)-এর মেম্বার প্রার্থী। বৃহস্পতিবার দিবাগত রাতে তার ওপর হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রফিকুল ইসলাম নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে মথুরাপুর গ্রামে ভোটারদের কাছে ভোট চেয়ে বেড়াচ্ছিলেন। ভোট চেয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে মথুরাপুর গ্রাম থেকে নিজ গ্রাম রামদেবপুরে ফিরছিলেন।  রাত আনুমানিক ৯টার দিকে মথুরাপুর গ্রামের আবদুস সামাদের মুদি দোকানের সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা সংঘবদ্ধ কয়েক ব্যক্তি তাকে পিটিয়ে রক্তাক্ত জখম করার পর ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।