‘সংখ্যালঘু সুরক্ষা কমিশন’ গঠনের দাবি

রবিদাস ফোরামের সমাবেশে বক্তারা

ইত্তেফাক রিপোর্ট

দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সাম্প্রদায়িক হামলা ও সম্প্রীতি বিনষ্টের ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ রবিদাস ফোরাম। একই সঙ্গে অনতিবিলম্বে ‘সংখ্যালঘু সুরক্ষা কমিশন’ গঠনের দাবিতে সরকার ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতি দৃষ্টি কামনা করেন।

গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশ ও মানববন্ধন থেকে নেতৃবৃন্দ এ দাবি জানান। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সাম্প্রদায়িক হামলা ও সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে এই সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করে ‘বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ)। দুই ঘণ্টাব্যাপী পালিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি চাঁনমোহন রবিদাস। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয়ে কদম ফোয়ারা প্রদক্ষিণ করে পূর্বের জায়গায় ফিরে এসে শেষ হয়।