আওয়ামী লীগ মানুষের বিপদের বন্ধু ---- পীরগঞ্জে টিপু মুনশি

পীরগঞ্জ (রংপুর) সংবাদদাতা

 রংপুরের পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের বড় করিমপুর (কসবায়) দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত জেলেপল্লিতে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি পরিদর্শনে এসে বলেছেন, বিপদেই বন্ধুর পরিচয়। আওয়ামী লীগ সরকার মানুষের বিপদের বন্ধু। যখনেই মানুষের বিপদ আসে আওয়ামী লীগ সরকার সবকিছু দিয়ে তাদের সহায়তার হাত বাড়িয়ে দেন। ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারদের থাকার উপযোগী ঘরবাড়ি তৈরি করে দেওয়া হয়েছে। অন্যান্য ক্ষতিও পুষিয়ে দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ সরকারসহ স্থানীয় সব আওয়ামী নেতা-কর্মী আপনাদের পাশে আছে এবং থাকবে। গতকাল শুক্রবার সন্ধ্যায় পরিদর্শনকালে তিনি এ কথাগুলো বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন রংপুর জেলা প্রশাসক আহসান হাবিব, পীরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর মোহাম্মদ মণ্ডল, উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রানী রায়, পীরগঞ্জ পৌর মেয়র ও পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সম্পাদক তাজিমুল ইসলাম শামীম, রংপুর সদর উপজেলা চেয়ারম্যান নাছিমা জামান ববি, রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. রেজাউল করিম রাজু, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনিসহ স্থানীয় সব স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ। মন্ত্রী জেলেপল্লি পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে শাড়ি, লুঙ্গি, কম্বলসহ নগদ অর্থ প্রদান করেন।