দেশব্যাপী আবৃত্তি সমন্বয় পরিষদের
সহিংসতাবিরোধী সমাবেশ
ইত্তেফাক রিপোর্ট
সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর সংস্কৃতির শক্তি দিয়ে মৌলবাদী অপশক্তিকে দূর করার আহ্বান জানিয়ে বলেছেন, চিহ্নিত সাম্প্রদায়িক গোষ্ঠী বারবার দেশে ধর্মীয় সহিংস ঘটনা ঘটাচ্ছে। বাংলাদেশ সব সময় অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করেছে। আমাদের গ্রাম বাংলার মানুষ ঐতিহ্যগতভাবেই অসাম্প্রদায়িক। হিন্দু মুসলমান একসঙ্গে বেড়ে ওঠে। কিন্তু মৌলবাদী গোষ্ঠী এদেশকে অশান্ত করতেই এ ধরনের সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটাচ্ছে। গতকাল আবৃত্তি সমন্বয় পরিষদ আয়োজিত সাম্প্রদায়িকতা বিরোধী সমাবেশে বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
শুক্রবার বিকালে সারা দেশে সহিংসতাবিরোধী প্রতিবাদী সমাবেশের আয়োজন করে আবৃত্তি সমন্বয় পরিষদ। ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য চত্বরে গতকাল বিকালে আয়োজন করা হয় প্রতিবাদ সমাবেশে। এতে সভাপতিত্ব করেন আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর এমপি। স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক আহ্কাম উল্লাহ। সঞ্চালনা করেন মাসরুর এ জামান রনি। আলোচনা শেষে পরে আবৃত্তি করেন বেলায়েত হোসেন, রফিকুল ইসলাম, রেজীনা ওয়ালী লীনা, নায়লা তারান্নুম চৌধুরী কাকলী ও শিরীন ইসলাম প্রমুখ।