গঙ্গাচড়ায় বালুতে ঢেকে গেছে আমনের খেত

গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা

গঙ্গাচড়ায় সাম্প্রতিক সময়ের হঠাত্ বন্যায় আমন খেতের ব্যাপক ক্ষতি হয়েছে। বালুতে ঢেকে যাওয়ায় নষ্ট হয়েছে তিস্তার চরাঞ্চলে কয়েক শ একর খেত। জানা যায়, এবারের বন্যায় উজান থেকে আসা ঢলের সঙ্গে নেমে আসে বালু আর পলি। আর সেই বালু আর পলি জমা হয় চরাঞ্চলের উঠতি ফসল আমন খেতে। ধানের চারাগুলো তলিয়ে গেছে বালু আর পলিতে। কৃষকরা জানায়, এসব ধান আর হবে না। গত বছর তারা এখানে আমন লাগিয়েছিলেন। বিঘা প্রতি ২০-২৫ মণ ধান হয়েছিল। এবার এক ছটাক ধানও ঘরে ওঠবে না। সরেজমিনে চরাঞ্চলে গিয়ে দেখা যায়, বাগেরহাট, চর নোহালী, শংকরদহ, পশ্চিম ইচলি, ধামুর, কলাগাছী, জয়রামওঝাসহ চরাঞ্চলের অধিকাংশ জমির ধান বালু নিচে চাপা পড়েছে। চর বাগডোহরার কৃষক হারুন অর রশিদ বলেন, ‘বানের পানি মোর সউগ শেষ করি দেইল। এক ছটাক ধানও এবার ঘরে উঠবে না। এই ধান খেত এখন গরু খায় না। এখানে কৃষকের কান্না সার হয়েছে।’ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর বন্যায় ১ হাজার ৫৫০ হেক্টর জমি নিমজ্জিত হয়েছিল। উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, তিস্তা তীরবর্তী এলাকায় কিছু ক্ষতি হয়েছে।