সৈয়দপুর পৌর এলাকায় রিকশা ভাড়ার তালিকা টাঙানো নেই

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

সৈয়দপুর পৌরসভা এলাকায় রিকশা ভাড়ার কোনো তালিকা টাঙানো নেই। যাত্রীদের অভিযোগের ফলে চালকরা ইচ্ছেমতো ভাড়া আদায় করছে। এতে প্রতিনিয়ত দুর্ভোগ ও বিড়ম্বনায় পড়তে হচ্ছে তাদের। অনেক সময় ভাড়া নিয়ে বাগিবতণ্ডাও হচ্ছে। সরজমিনে জানা যায়, সৈয়দপুর প্লাজা থেকে বাস টার্মিনাল ৩০ টাকা, ওয়াপদা পর্যন্ত ৪০ টাকা, পাঁচমাথা মোড় থেকে উপজেলা পরিষদ ২৫ টাকা, দিনাজপুর মোড় থেকে রাবেয়া ২৫ টাকা আদায় করছেন রিকশাচালকরা। যাত্রী এসরার আহমেদ সাজু বলেন, রাস্তা খারাপ ফিরতি যাত্রী মেলে না এমন নানা অজুহাতে বেশি ভাড়া আদায় করছেন রিকশাচালকরা। আলমগীর সরকার নামে আরেক যাত্রী জানান, রিকশা করে বাসা থেকে সৈয়দপুর প্লাজা শপিং কমপ্লেক্সে এসেছি ১৫ টাকায় কিন্তু যাওয়ার সময় ৩০ টাকা দাবি করছে রিকশাচালকরা। জুলফিকার নামে এক রিকশাচালক বলেন, রাত বেশি হলে, বৃষ্টি ও রোদ থাকলে কিংবা ঈদের সময় আমরা ভাড়া একটু বেশি চাই। যাত্রীদের জোরাজুরি করি না। এ বিষয়ে সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান বেবী বলেন, তালিকার বিষয়টি যাচাই-বাছাই করে তা কার্যকর করার ব্যবস্থা নেওয়া হবে। সেই সঙ্গে তামান্না মোড় থেকে ওয়াপদা পর্যন্ত সড়কটি মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে।