স্বরাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর জাল করে নিয়োগের চেষ্টা
স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুরে পুলিশের কনস্টেবল নিয়োগে স্বরাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর জাল করে ডিও লেটার দেওয়ার ঘটনায় পুলিশসহ চার জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো মো. জুয়েল রানা, মো. আল-আমিন, মো. মোছাদ্দেক হোসেন এবং পুলিশ সদস্য মাসুদার রহমান মাসুদ। গ্রেফতার চার জনসহ অজ্ঞাতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে। মামলাটি তদন্তের ভার কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) আল-আমিনকে দেওয়া হয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশীদ জানান, জালিয়াতি চক্রের আটক চার সদস্যকে ঐ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া এ মামলায় অজ্ঞাত আসামি রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর জালিয়াতি করে ভুয়া ডিও লেটার তৈরির অভিযোগ গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি অন্য আসামিদের গ্রেফতারে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।