মির্জাপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে অবৈধ দোকান

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

মির্জাপুর উপজেলা সদরে কোটি টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনের অংশ ও ফুটপাত বেদখল হয়ে গড়ে উঠেছে অবৈধ দোকানপাট। উপজেলা প্রকৌশল অফিস সূত্র জানায়, উপজেলা সদরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর পুরাতন বাস স্টেশন সংলগ্ন চার রাস্তা মোড়ে ৮ শতাংশ জমির ওপর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ করা হয়। এর সৌন্দর্য বর্ধনের জন্য নানা কারুকাজ এবং ভবনের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি নির্মাণ করা হয়। কিন্তু এর সামনে অবৈধ দোকানপাট গড়ে ওঠায় নষ্ট হচ্ছে কমপ্লেক্সের সৌন্দর্য। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর্জা মো. জুবায়ের হোসেন বলেন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের চার পাশের জমি সরকারি সম্পত্তি ও সরকারি রাস্তা। কিছু দিন পূর্বে অভিযান চালিয়ে অবৈধ দোকানপাট ভেঙে দেওয়া হয়েছিল। শিগিগরই আবার অভিযান পরিচালনা করে এসব স্থাপনা উচ্ছেদ করা হবে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে জাতির পিতার প্রতিকৃতি ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সৌন্দর্য যেন নষ্ট করা না হয় সেজন্য একাধিকবার অনুরোধ করা হয়েছে। কিন্তু কাজ হচ্ছে না। এ বিষয়ে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।