কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা
কটিয়াদীতে চলতি মৌসুমে আগাম জাতের আমন ধানের বাম্পার ফলন হয়েছে। এরই মধ্যে বেশকিছু এলাকায় ধান কাটা শুরু হয়েছে। স্থানীয় বাজারে ধানের দামও ভালো। এতে করে কৃষকদের মুখে হাসি ফুটেছে। পাশাপাশি এই ধান চাষে অন্য কৃষকদের মধ্যেও আগ্রহ দেখা দিয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় এবার ১২ হাজার ৮৫০ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। যার মধ্যে আগাম জাতের আমন চাষ হয়েছে ৪ হাজার হেক্টর জমিতে। এ ধরনের জাতের মধ্যে রয়েছে ব্রি ধান-৭১, ব্রি ধান-৭২, ব্রি ধান-৭৪, ব্রি ধান-৮৭, বিনা-৭ ও ১৬ জাতের ধান।
এ সময় কৃষক মহরম আলী জানান, এ বছর ৪০ শতাংশ জমিতে ব্রি ধান-৭১ জাতের আমন ধানের চাষ করেছেন। এ ধানের রোগবালাই খুব কম। ফলন প্রত্যাশার চেয়ে ভালো হয়েছে। বাম্পার ফলনের খবরে প্রতিদিনই আশ-পাশের বিভিন্ন এলাকার কৃষকরা দেখতে আসছেন নতুন জাতের ধান। আগামীতে এই ধান চাষে আগ্রহী ভাঞ্জনিয়া গ্রামের কৃষক গিয়াস উদ্দিন বলেন, এমন সুন্দর চিকন ধান দেখে চোখ জুড়িয়ে যায়। আমি আগামী বছর জমিতে আগাম জাতের আমন ধান চাষ করার পরিকল্পনা নিয়েছি।
এ প্রসঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মুকশেদুল হক বলেন, আমন মৌসুমে কম সময়ে অধিক ফলন হয় এমন জাতের ধানের আবাদ বৃদ্ধির জন্য আমরা কাজ করে যাচ্ছি। সে লক্ষ্যে উপজেলায় আমনের নতুন জাতগুলোর ৪০টি প্রদর্শনী দেওয়া হয়েছে। ফলনও হয়েছে বাম্পার।