পার্বতীপুর থানা থেকে পলাতক আসামি হিলিতে গ্রেফতার

হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা

পার্বতীপুর মডেল থানার হাজতখানার জানালার গ্রিল কেটে পালিয়ে যাওয়া ওয়ারেন্টভুক্ত আসামিকে বৃহস্পতিবার সন্ধ্যায় হাকিমপুর থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত পলাতক আসামি মোকারুল ইসলাম (৩২) পার্বতীপুর উপজেলার দক্ষিণ পলাশবাড়ী গ্রামের মৃত সাত্তার আলীর ছেলে।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাশার শামীম জানান, গত মঙ্গলবার পার্বতীপুর মডেল থানায় দুইটি চুরি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোকারুল ইসলামকে পুলিশ গ্রেফতার করে। ঐদিন রাতে তাকে থানার হাজতখানায় আটক রাখা হয়। পরে সুযোগ বুঝে মোকারুল জানালার গ্রিল কেটে পালিয়ে যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী সার্কেলের নেতৃত্বে ও হাকিমপুর থানাপুলিশের সহযোগিতায় হাকিমপুর সীমান্তের চুড়িপট্টি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।