মণিপুরি সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে সহযোগিতা অব্যাহত থাকবে ...... ভারতীয় ডেপুটি হাইকমিশনার

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা

কমলগঞ্জে মণিপুরি কালচারাল কমপ্লেক্স পরিদর্শনকালে মণিপুরি নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে ভারতীয় ডেপুটি হাইকমিশনার বিনয় জর্জ বলেন, মণিপুরি সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও বজায় রাখতে এ কমপ্লেক্সে ভারত সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে। শুক্রবার বিকালে ভারতীয় সরকারের অর্থায়নে আদমপুরে স্থাপিত মণিপুরি কালচারাল কমপ্লেক্সের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন তিনি। মণিপুরি কালচারাল কমপ্লেক্স পরিদর্শনকালে সন্তোষ প্রকাশ করেন বিনয় জর্জ। এ সময় তার সঙ্গে ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার নিরাজ কুমার জাসওয়াল ও ভারতীয় হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি সঞ্জয় দে। তারা মণিপুরি কালচারাল কমপ্লেক্সে প্রধানমন্ত্রীর কার্যালয় পরিচালিত কম্পিউটার ট্রেনিং সেন্টার, মণিপুরি তাঁতশিল্প, ডরমেটরি ও গেস্টহাউজ পরিদর্শন করেন। এ সময় স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন মণিপুরি কালচারাল কমপ্লেক্সের আহ্বায়ক জয়ন্ত সিংহ, সদস্যসচিব রবি কিরণ রাজেশ, সদস্য নীলচান সিংহ, শৈলতন সিংহ, ইবুংহাল সিংহ শ্যামল প্রমুখ।