স্পোর্টস রিপোর্টার
বঙ্গবন্ধু ৫ম সেন্ট্রাল সাউথ এশিয়ান জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশীপের পদক লড়াইয়ের দ্বিতীয় দিনে ব্রোঞ্জ জয় করেছে বাংলাদেশ। গতকাল বিকালে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে মহিলাদের ব্যক্তিগত ভোল্টিং টেবিল ইভেন্টে ১২.৪২ স্কোর গড়ে ব্রোঞ্জ পদক পেয়েছেন বাংলাদেশের বনফুলি চাকমা। এ ইভেন্টে ১২.৮৮ স্কোর গড়ে স্বর্ণপদক জয় করেছেন। উজবেকিস্তানের মিরোশনিচেঙ্কো এবং ১২.৮২ স্কোর গড়ে রৌপ্য পেয়েছেন একই দেশের জুমাবেকোভা গুলনাজ।
বিকালে বিজয়ীদের হাতে পদক তুলে দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, বিওএর মহাসচিব সৈয়দ শাহেদ রেজা এবং জিমন্যাস্টিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদুর রহমান বাবলু। এর আগে দিনের প্রথম সেশনে পুরুষ (সিনিয়র) বিভাগের অল অ্যারাউন্ড ইভেন্টে দলগত এবং ব্যক্তিগত স্বর্ণ পেয়েছে উজবেকিস্তান। দলগত ইভেন্টে ২২৯.৬৫ স্কোর গড়ে স্বর্ণ পেয়েছে উজবেকিস্তান। ২২৫.৫০ স্কোর গড়ে ভারত রৌপ্য এবং ১৯৮.৯৫ স্কোর গড়ে ব্রোঞ্জ পেয়েছে শ্রীলঙ্কা। অল অ্যারাউন্ড ইভেন্টে ৭৭.৪৫ স্কোর গড়ে ব্যক্তিগত স্বর্ণ পেয়েছন জুরায়েভ উতকিরবেক (উজবেকিস্তান),৭৫.৩০ স্কোর করে রৌপ্য আজামত আসাদবেগ (উজবেকিস্তান) এবং ভারতের ওমকার ঈশ্বর সিন্ধে ৭৪.৩৫ স্কোর করে ব্রোঞ্জ পদক পেয়েছেন।