স্পোর্টস ডেস্ক
শ্রীলঙ্কার বিপক্ষে রান খরা কাটিয়ে বেশ ফুরফুরে মেজাজেই এসেছিলেন সংবাদ সম্মেলনে। দারুণ এক জয়ের চিন্তা নেই, নেই কোনো চাপ। তাই সংবাদ সম্মেলনে অভাবনীয় কিছু করে ডেভিড ওয়ার্নার মনে করিয়ে দিলেন ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোকে। গত ইউরো কাপের সময় সংবাদ সম্মেলনে এসে একটি পানীয় সংস্থার বোতল সরিয়ে রেখেছিলেন রোনালদো। পর্তুগিজ এই ফুটবলারের পর একই কাজ করেন ফ্রান্সের পল পগবাও। তাদের দেখাদেখি গত পরশু একই কাজ করেন ওয়ার্নার। সংবাদ সম্মেলনে এসেই বোতল দুটি হাতে নিয়ে তিনি বলেন, ‘এগুলো কি সরিয়ে রাখতে পারি?’ তবে খুব বেশিক্ষণ বোতলগুলোকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে রাখতে পারেননি তিনি। সামনে থাকা আইসিসির এক কর্মকর্তা বোতলগুলো জায়গামতো রাখার নির্দেশ দেন তাকে। তখন ৬৫ রান করা ওয়ার্নার বলেন, ‘যদি ক্রিশ্চিয়ানোর জন্য ভালো হয়। তাহলে আমার জন্যে ভালো হবে।’