স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপের কয়েক সপ্তাহ পরেই শুরু অ্যাশেজ। অবশ্য কথার যে ঝাঁজ চলছে তাতে বিশ্বকাপের ছায়ায় ঢাকা পড়েনি ক্রিকেটের প্রাচীন এই যুদ্ধটি। এর উত্তাপ আরো বাড়িয়ে দিতে আজ টি-২০ বিশ্বকাপে মুখোমুখি দুই চিরপ্রতিন্দ্বী অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। সুপার টুয়েলভে দুই দলই এখন পর্যন্ত অজেয়, জিতেছে টানা দুই ম্যাচ। তাই লড়াইটা তাদের সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে যাওয়ার। দুবাইয়ে ইংল্যান্ডের জন্য আজকের ম্যাচের চ্যালেঞ্জটা বেশ কঠিনই। এর আগে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশকে হেসে খেলেই হারিয়েছে এউইন মরগানের দল। অস্ট্রেলিয়ার মতো পয়েন্ট সমান থাকলেও নেট রানরেটে নিজেদের রেখেছে ধরাছোঁয়ার বাইরে। আজও সেই ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা নিয়েই নামবে তারা।
অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও ব্যাপারটা একইরকম। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিংটা ছিল নড়বড়ে। তবে দ্বিতীয় ম্যাচে শ্রিলঙ্কাকে উড়িয়ে দেয় তারা। সবচেয়ে বড় কথা রানে ফিরেছেন ডেভিড ওয়ার্নার। এই বছর নিজেকে হারিয়ে খোঁজা এই ওপেনার শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছেন ৪২ বলে ৬৫ রানের ইনিংস। তাই টপ অর্ডার নিয়ে অজিদের দুশ্চিন্তার মাত্রাটা বেশ কমে এসেছে। বোলিং নিয়ে দুশ্চিন্তা বলতে পঞ্চম বোলারে। গত ম্যাচে এই কোটায় গ্লেন ম্যাক্সওয়েল ও মার্কাস স্টয়নিস মিলে ৪৫ রান দিয়েছেন। তা বাদ দিলে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হেইজেলউড ও অ্যাডাম জাম্পারা নিজের কাজটা ঠিকভাবেই করে যাচ্ছেন। অন্যদিকে ইংল্যান্ডের সেরকম কোনো দুর্ভাবনাই নেই। বোলারদের দাপটে ব্যাটসম্যানদের করণীয় বেশি কিছু থাকছে না। তাই তো চিরপ্রতিদ্বন্দ্বীদের প্রশংসা না করে থাকতে পারলেন না ওয়ার্নার, ‘স্পষ্টতই তারা খুব ভালো দল। ব্যাটিংয়ে গভীরতার পাশাপাশি বোলিংয়ে তাদের প্রচুর বিকল্প রয়েছে। তাদের আত্মবিশ্বাসটাও বেশ উঁচুতে আছে। আমরা জানি, ব্যাটিংয়ে তারা শক্তভাবেই হামলা করবে এবং বোলিং কেমন হবে সেটাও মোটামুটি আন্দাজ করতে পারছি। যদি আমরা প্রথম ছয় ওভারে চাপ প্রয়োগ করতে পারি, ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে পারি, তাহলে তাদের মানসিকতায় পরিবর্তন আসবে।’ টি-২০ ফরম্যাটে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছে অস্ট্রেলিয়াই। বিশ্বকাপে দুইবারের সাক্ষাতের প্রথমটায় অজিরা জিতলেও দ্বিতীয় ম্যাচে ছিল আক্ষেপের গল্প। ১১ বছর আগের লড়াইয়ে তাদের ৭ উইকেটে হারিয়ে ২০১০ বিশ্বকাপের শিরোপা জিতে নেয় ইংল্যান্ড। এই ক্ষেত্রেও দুই দলের লড়াইটা আজ এগিয়ে যাওয়ার।
হেড টু
হেড
ম্যাচ অস্ট্রেলিয়া ইংল্যান্ড ফল হয়নি
১৯ ১০ ৮ ১