অন্তর্বর্তীকালীন সরকারকে হটিয়ে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের প্রতিবাদে পূর্ব আফ্রিকার দেশ সুদানে বিক্ষোভ অব্যাহত আছে। বৃহস্পতিবার দেশটির রাজধানী খার্তুমে সেনাবাহিনীর সঙ্গে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত এক জনের প্রাণ গেছে। এ নিয়ে অভ্যুত্থানের দিন থেকে শুরু করে চার দিনে সেনা-বিক্ষোভকারী সংঘর্ষে নিহতের সংখ্যা ১১ তে পৌঁছাল। আলজাজিরা, রয়টার্স
এদিন জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে সুদানের পরিস্থিতিতে ‘গভীর উদ্বেগ’ জানিয়ে বেসামরিক নেতৃত্বাধীন যে অন্তর্বর্তী সরকারকে উত্খাত করা হয়েছিল, সেই সরকারকে পুনর্বহালের আহ্বান জানিয়েছে। এ বিবৃতির পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, অন্য দেশগুলোর মতো যুক্তরাষ্ট্রও সুদানের বিক্ষোভকারীদের পাশে আছে। তিনি বলেছেন, ‘সুদানের সামরিক কর্তৃপক্ষের প্রতি আমাদের সবার স্পষ্ট বার্তা—সুদানের জনগণকে শান্তিপূর্ণ বিক্ষোভ করতে দিতে হবে এবং বেসামরিক নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে পুনর্বহাল করতে হবে।’ জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানের নেতৃত্বে ক্ষমতা দখলের প্রতিবাদে সোমবার থেকেই সুদানে হাজার হাজার লোক রাস্তায় নেমে এসে প্রতিবাদ জানাচ্ছে; অনেক মন্ত্রণালয় ও সরকারি সংস্থার কর্মকর্তারা নতুন জান্তা সরকারের নির্দেশ মানতে রাজি হচ্ছেন না। তারা পদত্যাগ বা দায়িত্ব হস্তান্তরেও অস্বীকৃতি জানিয়েছেন।