নারীদের যৌন হয়রানি

নিউ ইয়র্কের সাবেক গভর্নরের বিরুদ্ধে আদালতে অভিযোগ

যৌন হয়রানির ঘটনায় নিউ ইয়র্কের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোর বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে। নিউ ইয়র্ক আদালতের মুখপাত্র লুসিয়ান চাল ফেন জানিয়েছেন, নারীকে যৌন হয়রানি করার ঘটনায় তার বিরুদ্ধে এ অভিযোগ আনা হলো। একের পর এক যৌন হয়রানির ঘটনায় জড়িয়ে পড়ার পর পদত্যাগ করেছিলেন অ্যান্ড্রু কুওমো। তার বিরুদ্ধে এই প্রথম আইনি পদক্ষেপ নেওয়া শুরু হলো। খবর রয়টার্সের

নিউ ইয়র্ক আদালতের মুখপাত্র লুসিয়ান চাল ফেন জানান, আলবেনি সিটি কোর্টে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোর বিরুদ্ধে অপকর্মের অভিযোগ আনা হয়েছে। অপরাধের ধরনকে ‘যৌন অপরাধ’ বলে উল্লেখ করা হয়েছে অভিযোগের নথিতে। দেশটির আইনে জোরপূর্বক শরীর স্পর্শ করাকে ‘এ’ গ্রেডের অপরাধ হিসেবে বিবেচনা করা হয়, যার শাস্তি হতে পারে এক বছর কারাদণ্ড। গত বছরের ডিসেম্বরে অশালীনভাবে এক নারীকে স্পর্শ করেছিলেন কুওমো। নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের পক্ষ থেকে আলবেনি কাউন্টি শেরিফের কার্যালয় অভিযোগ করেছে। ৬৩ বছর বয়সি কুওমোকে আগামী ১৭ নভেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন জারি করেছে আলবেনির সিটি আদালত।