ওসমানী বিমানবন্দর রানওয়ের অ্যাপ্রোচ লাইট হঠাত্ অকেজো ফ্লাইট অবতরণে বিলম্ব

গত বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর রানওয়ের অ্যাপ্রোচ লাইট হঠাত্ করে অকেজো হয়ে পড়ায় অন্তত দুটি ফ্লাইট নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি।

বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ শুক্রবার সন্ধ্যায় ইত্তেফাককে বলেন, ‘এটা তার দীর্ঘ চাকরিজীবনে নতুন এক অভিজ্ঞতা । ঐ দিন সন্ধ্যা ৬টার দিকে শর্ট সার্কিটের কারণে বিমানবন্দরে বিদ্যুত্ বিভ্রাট দেখা দিলে রানওয়ের লাইটগুলো নিভে যায়। তাই দুটি ফ্লাইট ঢাকা থেকে ওসমানীতে আসতে পারেনি।’ তিনি জানান, আধাঘণ্টার মধ্যে মেরামত কাজ সম্পন্ন করলেও তারা কোনো ঝুঁকি নেননি। রাতে আর কোনো ফ্লাইট ওঠানামার অনুমতি দেওয়া হয়নি। বিদ্যুত্ লাইন ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হয় গভীর রাত পর্যন্ত। শুক্রবার সকাল থেকে ফ্লাইট চলাচল শুরু হয়। রাতের ফ্লাইটের যাত্রীদের শুক্রবার বিশেষ ফ্লাইটে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়।