পশ্চিমবঙ্গের বিধানসভার চার আসনে উপনির্বাচন আজ

পশ্চিমবঙ্গের বিধানসভার চার আসনে উপনির্বাচনে আজ শনিবার ভোটগ্রহন হবে। খড়দহ, গোসাবা, শান্তিপুর ও দিনহাটায় এই ভোট হবে। কয়েকমাস আগে বিধানসভা নির্বাচনে তৃণমূল এবং বিজেপির মধ্যে ভাগাভাগি হয়ে গিয়েছিল এই কেন্দ্রগুলো। ফলাফল ছিল দুই-দুই। এবার পাল্লা ভারি তৃণমূলের দিকেই। ফলাফল তিন-এক না চার-শূন্য হয় তার দিকেই নজর রাজনৈতিক পর্যবেক্ষকদের। তৃণমূলের কাছে রয়েছে মে মাসের ফলের থেকে এগিয়ে যাওয়ার সুযোগ। চারটি আসনেই জয় পেলে বিধানসভায় ২১৭ হবে ঘাসফুলের শক্তি। অন্যদিকে বিজেপি’র কাছে জেতা দিনহাটা ও শান্তিপুর ধরে রাখার লড়াই। সেটাও যে খুব সহজ নয়, সেটা জেনে বিজেপি শিবির চাইছে অন্ততপক্ষে শান্তিপুর আসনটাও যেন ধরে রাখা যায়। ছ’মাস পরে এই চার আসনের উপনির্বাচন শাসক দল তৃণমূলের কাছে যখন শক্তিবৃদ্ধির হাতছানি তখন বিরোধী বিজেপি’র কাছে মানরক্ষার লড়াই। -আনন্দবাজার পত্রিকা