নওগাঁয় শহরের আরজি-নওগাঁ মহল্লার একটি পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ একই সঙ্গে চার শিশুর মৃত্যু খবর পাওয়া গেছে। শনিবার (৩০ অক্টোবর) দুপূর আড়াইটার দিকে আরজি নওগাঁর নামা শেরপুর এলাকায় এই ঘটনাটি ঘটেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল।
মৃত চার শিশু হলো, ওই এলাকার টুকু মন্ডলের মেয়ে সুরাইয়া (১০) এবং ছেলে ফরহাদ (৬), সালাম মন্ডলের মেয়ে খাদিজা (৮), আনোয়ার হোসেনের মেয়ে আশা (১০)।
স্থানীয়রা জানান, দুপুরে তাদের বাড়ির পাশে ৬ শিশু কাদা-মাটি নিয়ে খেলছিল। কাদা মাটি তাদের শরীরে মেখে গেলে সবার অজান্তেই ওই ৬ শিশু পাশের একটি পুকুরে পরিষ্কার হতে যায়। এ সময় ৪ শিশু পুকুরের পানিতে নামে। তার কিছুক্ষণ পরেই একে একে ৪ জনই ডুবে যায় । অপর দুই শিশু পুকুরের পারে থেকে ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত তাদের পরিবারের সদস্য ও স্থানীয়দের খবর দেয়।
স্থানীয় ও পরিবারের লোকজন দ্রুত পুকুরে অনেক খোঁজাখুঁজির তাদেরকে না পাওয়ায় এক পর্যায়ে ওই পুকুরে জাল দিয়ে খোঁজ করা শুরু করে। পরে ওই চার শিশুর মরদেহ উদ্ধার হয়। তাদেরকে নওগাঁ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এদিকে চার শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ওসি নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের অজান্তে তারা পুকুরে গোসল করতে নামলে এই ঘটনাটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
ইত্তেফাক/ইআ