বৃক্ষ : পীতরাজ

মাঝারি আকৃতির দর্শনীয় চিরসবুজ বৃক্ষ। এর অন্য নামগুলো হচ্ছে রয়না, বাজর, বদ্দিরাজ, তিত্রা, রহিতক ইত্যাদি। ঘন ছড়ানো পল্লবিত মুকুট এবং একটি সোজা গুঁড়ি সম্পন্ন উদ্ভিদ, যার উচ্চতা ১৫ মিটারের মতো। ঢাকা, চট্টগ্রাম, টাঙ্গাইল, সিলেট এবং ময়মনসিংহে দেখা যায়। ময়মনসিংহের তারাকান্দার রাংসা নদীর ধার থেকে পীতরাজ উদ্ভিদের ছবি তুলেছি। এই উদ্ভিদের সঙ্গে ছোটবেলার স্মৃতি জড়িয়ে আছে। এর বীজ নিয়ে মার্বেলের বিকল্প হিসেবে খেলেছি। বাজারে বিক্রিও করেছি। উদ্ভিদটি গ্রামেগঞ্জে আগের মতো চোখে পড়ে না। এর বাকল খয়েরি, অমসৃণ, পুরু এবং কর্কের মতো ফাটা। পত্রক উপবৃত্তাকৃতির বা ডিম্বাকৃতির।

পুষ্পদণ্ডে স্ত্রী পুরুষ ভেদে দুরকমের ফুল ফোটে। ফল গোলাকৃতি, মসৃণ, শাঁসযুক্ত এবং ঈষত্ লাল বা ফিকে পীত বর্ণের হয়ে থাকে। বর্ষাকালে ফুল ও পরে ফল হয়। বীজ কালো, তৈলাক্ত। 

পীতরাজের ভেষজগুণ রয়েছে। প্লীহা ও যকৃত্ বৃদ্ধি, কফ, পিত্ত বিকারজনিত মেহ রোগে, শোথ, অরুচি,  শ্বেতপ্রদর, রক্তপ্রদর প্রভৃতি রোগে পিতরাজের বাকলের ব্যবহার রয়েছে।

চয়ন বিকাশ ভদ্র