‘ফিল্ম আমার কখনোই করা হবে না’

শাহতাজ মুনিরা হাসেম। গান, মডেলিং, ইউটিউব কন্টেন্ট, একাধিক ওটিটি প্লাটফর্মে কাজ থেকে শুরু করে অভিনয়, উপস্থাপনা সবকিছুতেই সপ্রতিভ। বছরের শেষদিকে নতুন চমক নিয়েই হাজির হবেন বলে জানালেন। বললেন আরো বিস্তারিত। সাক্ষাত্কার নিয়েছেন তারিফ সৈয়দ

শোবিজের প্রায় সবকিছুই ছোঁয়া হয়েছে, সিনেমা ছাড়া। কেন?

সহজভাবে উত্তর দিই। আসলে আমার কাছে মনে হয় বাংলাদেশি ছবির জন্য আমি ঠিকঠাক মানুষ নই। এমনিতে দর্শক হিসেবে আমি কিন্তু বাংলাদেশি ছবির ভক্ত। তাই অনেকে অযথা রাগ করতে পারে বলেই বলছি, আমি কিন্তু দেশীয় ছবির ক্যাম্পেইনেও থাকি সবসময়। চলচ্চিত্রের অনেকের সঙ্গেই আমার দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। কিন্তু ফিল্ম আমার কখনোই করা হবে না।

আপনার ক্যারিয়ারের বয়স খুব বেশি না। অথচ অনেক মাধ্যমে কাজ করে ফেলেছেন। দর্শকদের আগ্রহের কোন ক্ষেত্রটিকে প্রাধান্য দেন?

দর্শকদের আগ্রহ ঠিক মাথায় রেখে কাজ করি, এটা বললে ভুল বলা হবে। কারণ আমি যে কাজটি করে আনন্দ পাই সেটিই করার চেষ্টা করি। তবে তরুণ দর্শকরা অনেকেই পছন্দ করেন, এটা টের পাই।

সেটা কীভাবে টের পান?

যেমন ধরুন, গত কয়েক মাসে অনেকগুলো নাটকের কাজ করলাম। এর বাইরে অনেকগুলো স্ক্রিপ্ট এসেছে। তাদের বলেছি, এ রকম কাজ তো আগেও করেছি, তখন নির্মাতারা বলেন যে, তরুণ দর্শকরা হলো আমার কাজের টার্গেট গ্রুপ।

অভিনয়ে আসাটা হুট করেই, এ ব্যাপারে কী মনে হয় না আরো শেখা দরকার। বিশেষ করে আপনি সোশ্যাল মিডিয়ায় ভীষণ জনপ্রিয়। অভিনয়ের ক্ষেত্রে সেভাবে গ্রুমিং নেই—

খুব ফিল করি। আসলে আমি কিন্তু নিজেকে অভিনেত্রী দাবি করি না । আমার আনন্দের জায়গাটা হলো গান। আর অভিনয়ের ক্ষেত্রে আমি বলবো, নির্মাতারাই আমার শিক্ষক। প্রত্যেকটা সেটে আমি কিছু না কিছু শিখি। আর দর্শকরা আমার অনুপ্রেরণা। অনেকগুলো নাটক করতে হবে আমার, আমার অমুক চরিত্র করতেই হবে, এ রকম তাড়না নেই আমার। কারণ আমি এখনো অভিনয়ের ক্ষেত্রে শিক্ষানোবিশ। তাই নিজের ভালোলাগা থেকে কাজগুলো করে যেতে চাই।

গানের ক্ষেত্রেও একটি গান গাওয়ার পর আর কোনো নতুন গান পেলাম না। অথচ ‘উড়ে যাই’ গানটি বেশ প্রশংসিত ছিল—

আসলে কোভিডসহ নানা কারণেই পিছিয়েছে। তবে খুব জলদিই নতুন গান প্রকাশ পাবে। আগামী মাসেই। সবকিছু রেডি। এখনই কোনোকিছু বলতে চাই না। কারণ ক্যাম্পেইনের ক্ষেত্রে সারপ্রাইজ রাখতে চাই । উড়ে যাই গানটির এতটা রেসপন্সের পর আমি সত্যিই অনুপ্রাণিত। তবে আবারো বলি গানটাও আমার এ রকম অল্প করেই করা হবে হয়তো। অনেকগুলো গান, প্রতি মাসে রিলিজ, ঐভাবে কাজগুলো আমি করতে চাই না। তাই আমার কাজগুলোর জন্য একটা অপেক্ষা থাকুক, সেটিই প্রত্যাশা করি।

উপস্থাপনা করলেন দীর্ঘদিন। হঠাত্ বন্ধ কেন?

কোভিডের কারণে বন্ধ করেছি। তবে সব ঠিক থাকলে আবার হয়তো শুরু করতে পারি। উপস্থাপনায় আমি মজাই পাই। কারণ এখানে অনেককে এক্সপ্লোর করা যায়। অনেকের সঙ্গে পরিচিত হওয়া যায়। অনেক তথ্য পাওয়া যায়। আর আমার শো যেহেতু সোশ্যাল মিডিয়া নিয়ে, তাই এই ক্ষেত্রটা নিয়ে কথা বলতেও ভালো লাগে।