আফজাল হোসেনের নির্দেশনায় ‘স্কুলের ঘণ্টা বাজে রে’

 বিনোদন রিপোর্ট

 

অনেকদিন বন্ধ থাকার পর স্কুলগুলো আবার খুলছে। কিন্তু করোনা এখনো পুরোপুরি নির্মূল হয়নি। তাই স্কুলে গিয়ে ছাত্রছাত্রীরা যেন করোনায় আক্রান্ত না হয় সেজন্য ‘নিরাপদ ইশকুলে ফিরি’ ক্যাম্পেইনের মাধ্যমে সচেতনতা বাড়াতে কাজ করছে সেভ দ্য চিলড্রেন। এরই অংশ হিসেবে ‘স্কুলের ঘণ্টা বাজে রে’ শিরোনামে একটি টেভি বিজ্ঞাপন নির্মাণ করা হয়েছে। বিজ্ঞাপনটির নির্দেশক হিসেবে কাজ করেছেন জনপ্রিয় অভিনেতা, নির্মাতা ও মাত্রার ম্যানেজিং পার্টনার আফজাল হোসেন। এছাড়া বিজ্ঞাপনটিতে করোনার বিরুদ্ধে সচেতনতা বাড়ানোর বিভিন্ন বার্তা গানের তালে তালে পরিবেশন করেছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডদল ‘জলের গান’। বিজ্ঞাপনচিত্রে গানটি যেমন গেয়েছে জলের গান, তেমনি দারুণ উত্সাহ উদ্দীপনায় কেরানীগঞ্জের শাক্তা সরকারি উচ্চ বিদ্যালয়ের একঝাঁক ছেলেমেয়ের সঙ্গে অভিনয়ও করেছে দলটি। জলের গানের সঙ্গে অভিনয় করে স্কুলের ছোট ছোট ছেলেমেয়েরা মেতে উঠেছিল এক অন্যরকম আনন্দে। এতদিন ঘরবন্দি শিশুরা যেন মনের আনন্দে করোনা সচেতনতা মেনে স্কুল করতে পারে, তাই বিজ্ঞাপনটিতে গানের কথা লেখা হয়েছে শিশুদের মতোই সহজ করে। এছাড়া শুটিং চলাকালীন কোন শিশু করোনা আক্রান্ত না হয় সেজন্য স্বাস্থ্যবিধির দিকে খেয়াল রাখা হয়।