বঙ্গবন্ধু পঞ্চম সেন্ট্রাল সাউথ এশিয়ান জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশীপে পদক লড়াইয়ে শনিবার (৩০ অক্টোবর) তৃতীয় দিনে বাংলাদেশের রাজিব চাকমা দুটি পদক জয় করেছেন। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সকালে দিনের প্রথম ইভেন্ট পুরুষ (জুনিয়র) ব্যক্তিগত ফ্লোর এক্সারসাইজে ১২.১০ স্কোর গড়ে রূপার পদক জয় করেন রাজিব। এরপর ভোল্টিং টেবিল ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করেন তিনি।
ভারতীয় জিমন্যাস্টসকে হারিয়ে ফ্লোর ইভেন্টে রূপার পদক উপহার দেন রাজিব। এ ইভেন্টে উজবেকিস্তানের বয়সারভ আলিশের স্বর্ণ এবং ভারতের প্রনব কুশওয়াহা ব্রোঞ্জ পেয়েছেন।
দারুণ খুশি এই জিমন্যাস্ট। বান্দরবানের লামায় থাকেন রাজিব চাকমা। দশম শ্রেণীর শিক্ষার্থী রাজিব চাকমা কোয়ান্টাম কসমো স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী।
রিও অলিম্পিক জিমন্যাস্টিকস স্বর্ণপদক জয়ী মার্গারিতা মামুন এসেছিলেন বাংলাদেশে এই চ্যাম্পিয়নশীপের শুভেচ্ছাদূত হয়ে। তার সঙ্গে কথা হয়েছে বাংলাদেশি জিমন্যাস্টদের। রাজিবও কথা বলেছেন। মার্গারিতা মামুনকে দেখে খুব খুশি এবং তার কাছ থেকে জেনেছেন ভালো খেলার পরামর্শ।
ইত্তেফাক/টিএ