বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে হামিদ ফেব্রিক্স

ইত্তেফাক রিপোর্ট

গত সপ্তাহ জুড়ে দেশের শেয়ারবাজার এক ধরনের মন্দার মধ্য দিয়ে পার করলেও দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে হামিদ ফেব্রিক্স। গত সপ্তাহে বিনিয়োগকারীদের কাছে পছন্দের শীর্ষে ছিল কোম্পানিটির শেয়ার। ফলে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার শীর্ষ স্থানটি দখল করেছে বস্ত্র খাতের এ প্রতিষ্ঠানটির শেয়ার। গত সপ্তাহে হামিদ ফেব্রিক্সের শেয়ারের দাম বেড়েছে ৬৬ দশমিক ৩০ শতাংশ। টাকার অঙ্কে বেড়েছে ১২ টাকা ২০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ারের দাম দাঁড়িয়েছে ৩০ টাকা ৬০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ১৮ টাকা ৪০ পয়সা। সপ্তাহ জুড়ে লেনদেন হয়েছে ৩৭ কোটি ৮৯ লাখ ১ হাজার টাকা। প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ৭ কোটি ৫৭ লাখ ৮০ হাজার টাকা।  কোম্পানিটির মোট শেয়ারের ৫১ দশমিক ৫১ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। বাকি শেয়ারের মধ্যে ১৬ দশমিক ৫৪ শতাংশ আছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আছে ৩১ দশমিক ৯৫ শতাংশ।

দাম বাড়ার শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এশিয়া ইনসিওরেন্স। গেল সপ্তাহ জুড়ে এই কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৩১ দশমিক ৭২ শতাংশ। এর পরের স্থানে পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং। সপ্তাহ জুড়ে এ কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ২৫ দশমিক ১৫ শতাংশ। এছাড়া দাম বাড়ার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা মালেক স্পিনিংয়ের ২৩ দশমিক ৭৩ শতাংশ, সোনালী পেপারের ২৩ দশমিক ৩৯ শতাংশ, বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিংয়ের ১৮ দশমিক ৯৪ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ১৮ দশমিক শূন্য ৩ শতাংশ, বে-লিজিংয়ের ১৬ দশমিক ৩৭ শতাংশ, ন্যাশনাল ফিডের ১৬ দশমিক ২৫ শতাংশ এবং মিথুন নিটিংয়ের ১৬ দশমিক ২০ শতাংশ দাম বেড়েছে।