আগ্রহ হারানোর শীর্ষে হাইডেলবার্গ সিমেন্ট

ইত্তেফাক রিপোর্ট

গত সপ্তাহে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষ স্থানটি দখল করেছে বহুজাতিক কোম্পানি হাইডেলবার্গ সিমেন্ট। বিনিয়োগকারীরা কোম্পানিটির শেয়ার কিনতে আগ্রহী না হওয়ায় সপ্তাহ জুড়েই দাম কমেছে। এতে গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম কমার শীর্ষ স্থানটি দখল করেছে প্রতিষ্ঠানটি। গত সপ্তাহ জুড়ে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২০৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৫৫টির। এরপরও ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ১৩ দশমিক ৮৭ পয়েন্ট বা দশমিক ২০ শতাংশ। আর বাজার মূলধন কমেছে ৬ হাজার ৩৫৩ কোটি টাকা। পতনের বাজারে গত সপ্তাহ জুড়ে হাইডেলবার্গ সিমেন্টের শেয়ার দাম কমেছে ১৪ দশমিক ৩০ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম কমেছে ৪৫ টাকা ৭০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ার দাম দাঁড়িয়েছে ২৭৩ টাকা ৯০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ছিল ৩১৯ টাকা ৬০ পয়সা। হাইডেলবার্গ সিমেন্টের পরেই গত সপ্তাহে দাম কমার তালিকায় ছিল খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং। সপ্তাহ জুড়ে এই কোম্পানিটির শেয়ার দাম কমেছে ১৪ দশমিক ২৯ শতাংশ। ১৩ দশমিক ৬২ শতাংশ দাম কমার মাধ্যমে পরের স্থানে রয়েছে সোনারগাঁও টেক্সটাইল। এছাড়া গত সপ্তাহে দাম কমার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা—মেঘনা পেটের ১২ দশমিক ৯৩ শতাংশ, ওয়াইম্যাক্স ইলেকট্রোড ১২ দশমিক ২৮ শতাংশ, এরামিট সিমেন্টের ১২ দশমিক ১১ শতাংশ, মীর আক্তারের ১১ দশমিক ২৮ শতাংশ, স্টাইল ক্রাফটের ১১ দশমিক শূন্য ৫ শতাংশ, সামিট পাওয়ারের ১০ দশমিক ৮২ শতাংশ এবং সালভো কেমিক্যালের ১০ দশমিক ৭৬ শতাংশ দাম কমেছে।