ইত্তেফাক রিপোর্ট
মধু ব্যবসার বর্তমান সমস্যা ও সমাধানের লক্ষ্যে আগামী শুক্রবার ২য় জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। রাজধানীর বাফওয়া মিলনায়তনে সম্মেলনে ব্যবসায়ীদের আসল মধু চেনা, সঠিকভাবে মধু আহরণ, সংগ্রহ ও বাজারজাতকরণের সঠিক পদ্ধতি সম্পর্কে হাতেকলমে শিখানো হবে। অনুষ্ঠানে ট্রেড লাইসেন্স, ট্রেড মার্ক ও বিএসটিআইসহ যাবতীয় দরকারী লাইসেন্সসমূহ হালনাগাদ করতে উদ্বুদ্ধ করার পাশাপাশি সার্বিক সহায়তা প্রদান করা হবে যাতে ব্যবসায়ীরা মানসম্পন্ন পণ্য বাজারজাত করতে পারে।
ফেসবুক গ্রুপ ‘মৌমাছি ও মধু’ এ সম্মেলনের আয়োজন করছে। গ্রুপের অ্যাডমিন এবং সোপান হানির প্রধান নির্বাহী আরিফুল ইসলাম বলেন, মৌমাছি ও মধু সংক্রান্ত বিভিন্ন গবেষণা ও তথ্য তুলে ধরা এবং সবার মধ্যে তা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে ২০১৯ সালে মৌমাছি ও মধু গ্রুপের যাত্রা। গ্রুপটি প্রতিষ্ঠার পর থেকেই মৌমাছি ও মধুবিষয়ক সচেতনতা, সমাজে প্রচলিত মধুবিষয়ক ভুল ধারণা দূরীকরণ এবং উত্পাদক, ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে সেতুবন্ধ গড়ে তোলার জন্য বিভিন্ন ধরনের সভা, সেমিনার ও ওয়েবিনার আয়োজন করে আসছে।