অস্তিত্বের সংকটে দারকিনি মাছ

মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা

খালবিলে দূষণ, পুকুর-ডোবার বাণিজ্যিক মাছের চাষাবাদ, প্রজনন ঋতুতে অবাধে শিকার, কীটনাশকের ব্যবহার বৃদ্ধির ফলে মুক্তাগাছায় অস্তিত্বের সংকটে পড়েছে দেশি মাছ দারকিনি। মিঠাপানিতে বসবাসকারী হিসেবে পরিচিত, দৃষ্টিনন্দন ও সুস্বাদু এই মাছের সংরক্ষণ নিয়ে সচেতনতা বাড়ানো জরুরি বলে মনে করছেন সচেতন মহল। তারা বলছেন, জনপ্রিয় ও পরিচিত দারকিনি মাছের অস্তিত্ব রক্ষায় সংশ্লিষ্টরা উদ্যোগী হলে আগামী প্রজন্ম এ মাছ দেখার সুযোগ পাবে। সরজমিনে জানা যায়, একসময় নদীনালা, খালবিল, পুকুর-ডোবায় সবচেয়ে বেশি চোখে পড়ত গোটা গায়ের মধ্যে কালো দাগওয়ালা সোনারাঙা মাছটি। অঞ্চলভিত্তিক এই মাছটিকে দারকিনি, দারকিনা, দারখিলা, ডানকানা, ডানখিনা, চুক্কুনি, মলঙ্কা নামেও সম্বোধন করা হয়। মুক্তাগাছার এ মাছের চাহিদা রয়েছে। চাহিদার তুলনায় উত্পাদন কম বলে দামও বেশি। ১৯৯৮ সালের আইইউসিএন সমীক্ষা করে জানা গেছে, নানাবিধ কারণে বাংলাদেশের ৫৪ প্রজাতির মাছ বিপন্ন হয়ে পড়েছে। এর মধ্যে দারকিনিও একটি। এ বিষয়ে উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, এখন খালবিলে দারকিনি মাছ আগের মতো পাওয়া যায় না। মাছটি রক্ষার চেষ্টা চলছে। মাছটি কীভাবে চাষাবাদ করা যায় সে ব্যাপারে ডিএফআরআই গবেষণা করছে।