গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
গফরগাঁওয়ে আলতাফ গোলন্দাজ মহাবিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী ফাতেমার (২৩) হত্যাকারীদের ফাঁসির দাবিতে শনিবার সকালে মানববন্ধন করা হয়েছে। আলতাফ গোলন্দাজ মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে কলেজের সামনে কাচারি সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ মাহবুবুর রহমান, কলেজের শিক্ষক অধ্যাপক মতিউর রহমান বাবুল, আরশাদ আহম্মেদ, আব্দুল আওয়াল শেখ, গোলাম মো. ফারুকী, নিহতের বাবা হাফিজ উদ্দিন, কলেজের শিক্ষার্থী ফারজানা আক্তার লিজা, নুসরাত জাহান মনি, রেজাউল শাহরিয়ার সাকিব প্রমুখ। ময়মনসিংহ জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা মামলা সূত্রে জানা গেছে, গত ৩ অক্টোবর উপজেলার খোদাক্সপুর গ্রামের বোরহান উদ্দিনের ছেলে মিরাজ উদ্দিন (২৮) প্রেমের সম্পর্কের জের ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে আলতাফ গোলন্দাজ মহাবিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের ঐ ছাত্রীকে বাড়িতে ডেকে নেয়। পরে মিরাজ উদ্দিন ও তার পরিবারের লোকজন তাদের বাড়ির একটি পরিত্যক্ত ঘরে ফাতেমাকে শ্বাসরোধে হত্যা করে। এ ঘটনায় গত ৭ অক্টোবর নিহতের ভাই মো. আব্দুল্লাহ ময়মনসিংহ জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মিরাজসহ ছয় জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।