বশেমুরবিপ্রবি সংবাদদাতা
উপাচার্য এ কিউ এম মাহবুবের আশ্বাসে ভর্তি-সেমিস্টারসহ শিক্ষাসংশ্লিষ্ট বিভিন্ন ফি কমানোর দাবিতে চলমান আন্দোলন প্রত্যাহার করেছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা। টানা তিন দিন আন্দোলন শেষে প্রশাসনিক ও অ্যাকাডেমিক ভবনের তালা খুলে আন্দোলন প্রত্যাহার করেন তারা। শনিবার বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল রাজু আন্দোলন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, শুক্রবার বিকালে উপাচার্য আমাদের দাবি মেনে নেওয়ার বিষয়ে আশ্বস্ত করেছেন। এজন্য আমরা আন্দোলন প্রত্যাহার করেছি। শিগিগরই এ বিষয়ে নোটিশ প্রকাশের কথা রয়েছে, নোটিশ না এলে আবার আন্দোলনে যাব। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব বলেন, এই বিশ্ববিদ্যালয়ে ইউজিসি যে বাজেট দেয় তা খুব কম। শিক্ষকদের বেতনের বাইরে প্রায় সম্পূর্ণ খরচ শিক্ষার্থীদের বহন করতে হয়। আমরা ইউজিসির সঙ্গে বিষয়গুলো নিয়ে কথা বলব। অন্যান্য বিশ্ববিদ্যালয় যদি পর্যাপ্ত বাজেট পায় তাহলে আমাদের বিশ্ববিদ্যালয়ও পাবে। আমি সর্বোচ্চ চেষ্টা করব এই বিশ্ববিদ্যালয়ে ইউজিসির বরাদ্দ বাড়াতে এবং শিক্ষার্থীদের দাবি অনুযায়ী সব ফি কমাতে। শিক্ষাসংশ্লিষ্ট বিভিন্ন ফি কমানোর দাবিতে গত ২৬ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা দিয়ে আন্দোলন শুরু করেন সাধারণ শিক্ষার্থীরা।