টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা
টেকনাফে গতকাল শনিবার ভোররাতে বিজিবির জওয়ানরা অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবা জব্দ করেছে। টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান (বিজিবিএম, পিএসসি) জানান, টেকনাফ ২ বিজিবির শাহ পরীর দ্বীপ বিওপির বিশেষ একটি টহল দল মিয়ানমার থেকে মাদকের চালান অনুপ্রবেশের খবর পেয়ে দক্ষিণ জালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে অবস্থান নেয়। কিছুক্ষণ পর একটি কাঠের নৌকায় দুই জন দুষ্কৃতকারীকে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের দিকে আসতে দেখে। তখন বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করে সামনে অগ্রসর হতে থাকে। নৌকাটি কাছে এলে দুষ্কৃতকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি প্লাস্টিকের বস্তা নদীতে ফেলে পিছুটান দিয়ে মিয়ানমার সীমান্তে চলে যায়। এরপর বস্তাটি উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে এক লাখ পিস ইয়াবা পাওয়া যায়। তিনি আরো জানান, জব্দ মাদকের চালান পরে ঊর্ধ্বতন কর্মকর্তা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।