ইরানে হামলার জন্য দায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েল: হাসান রুহানি

ইরানের দক্ষিন-পূর্বাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তানে রেভ্যুলিউশনারি গার্ডের উপর আত্মঘাতী বোমা হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্রদের দায়ী করেছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। এর আগে বৃহস্পতিবারের ওই হামলার জন্য পৃথক পৃথক বার্তায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও হিজবুল্লাহ আন্দোলন।  

ইরানের সামরিক বাহিনীর বাসে হামলার ঘটনায় নিন্দা প্রকাশ করে প্রেসিডেন্ট হাসান রুহানি হামলার বলেন, 'ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হচ্ছে মধ্যপ্রাচ্যে সন্ত্রাসের মূল কারণ। তারা এ অঞ্চলের কয়েকটি তেলসমৃদ্ধ দেশের সন্ত্রাসীদেরকে অর্থের যোগানদাতা। এই ঘটনা হোয়াইট হাউস, তেল আবিব ও তাদের আঞ্চলিক মিত্রদেশগুলোর সন্ত্রাসের প্রধান সমর্থকদের কালো রেকর্ডে একটি নোংরা দাগ হয়ে থেকে যাবে'।

তিনি আরও বলেন, 'এ ধরনের সন্ত্রাসী হামলা ইরানের জনগণের দৃঢ় মনোবলের ওপর কোনো প্রভাব ফেলতে পারবে না। তাছাড়া তারা যে পথ বেছে নিয়েছে সে পথে চলা অব্যাহত রাখবে'। তিনি আঞ্চলিক ও প্রতিবেশী দেশগুলোকে নিজ দায়িত্ব পালন ও প্রতিবেশী দেশের উপর সন্ত্রাসী হামলার জন্য নিজেদের ভূমি ব্যবহারের সুযোগ বন্ধ করার আহ্বান জানান।

এদিকে ইরানের রেভল্যুশনারি গার্ড এক বিবৃতিতে জানায়, 'বাহিনীর সদস্যরা বাসে করে যাওয়ার সময় হামলাকারী বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে তাদের ওপর হামলা চালায়'।

আরও পড়ুন:  দুই মাসের মধ্যে ৫ হাজার ডাক্তার নিয়োগ: স্বাস্থ্যমন্ত্রী

উল্লেখ্য, ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চল সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের পাকিস্তান সীমান্তে বুধবার​ রেভ্যুলিউশনারি গার্ডের সদস্যদের বহন করা বাসে বোমা হামলা চালানো হয়। এ ঘটনায় ইরানের গণমাধ্যমগুলোর বরাত দিয়ে নিহতের সংখ্যা ২৭ থেকে ৪১ জন পর্যন্ত হতে পারে বলে জানানো হয় মার্কিন গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে। এছাড়া আরও অন্তত ১৭ জন গুরুতর আহত হওয়ার খবর নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (ইরনা)। জয়েশ-আল- আদল নামের একটি সশস্ত্র গোষ্ঠী ইতিমধ্যে হামলার দায় স্বীকার করেছে।

ইত্তেফাক/জেডএইচডি