গাজীপুরে বিপুল ইয়াবা উদ্ধার, দম্পতি গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সিটি করপোরেশনের সালনা এলাকা থেকে ৭ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে সালনা বাজার এলাকায় অভিযান চালিয়ে গাজীপুর মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো নড়াইল জেলার লোহাগড়া থানার মৌলভী ধানারই গ্রামের বায়েজিদ হোসেন তুহিন ও তার স্ত্রী পারভীন আক্তার। তারা সালনা মন্ত্রীবাড়ি রোড এলাকার একটি বাড়ির ভাড়াটে। শনিবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. ইব্রাহিম খলিল জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনতলা ভবনে ঐ  দম্পতির কক্ষে অভিযান চালানো হয়। এ সময় তাদের ঘরের আলমারি ও পলিথিন ব্যাগ থেকে ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২৩ লাখ ৪০ হাজার টাকা। গতকাল মহানগর গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) পক্ষ থেকে গাজীপুর মেট্রোপলিটন সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফারকৃত তুহিনের বিরুদ্ধে ২০১৮ সালে ঢাকার উত্তরা ও ভাটারা থানায় এবং ২০১৭ সালে জয়দেবপুর থানায় মাদক আইনে এবং ২০১৩ সালে কিশোরগঞ্জের কুলিয়ারচর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রয়েছে।