আসাদুজ্জামান নূরের ৭৫তম জন্মদিন আজ

ইত্তেফাক রিপোর্ট

বাংলাদেশের নাট্যাঙ্গনের বরেণ্য ব্যক্তিত্ব ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের ৭৫তম জন্মদিন আজ। ১৯৪৬ সালের এই দিনে

নীলফামারী জেলায় জন্মগ্রহণ করেন তিনি। অভিনয়, রাজনীতির পাশাপাশি আবৃত্তিশিল্পী ও সংগঠক হিসেবে নন্দিত তিনি। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। মঞ্চের পাশাপাশি টেলিভিশন নাটকে অভিনয় করে পেয়েছেন তারকা খ্যাতি। নব্বইয়ের দশকে জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের ‘কোথাও কেউ নেই’ নাটকে বাকের ভাই চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন।

আসাদুজ্জামান নূর বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে পর পর চার বার জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছেন। বাংলাদেশ সরকারের সংস্কৃতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠায় অক্লান্ত পরিশ্রম করেছেন আসাদুজ্জামান নূর। তিনি মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সদস্য। সুদীর্ঘ অভিনয় ও রাজনৈতিক জীবনে আসাদুজ্জামান নূর পেয়েছেন স্বাধীনতা পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা।

তার জন্মদিন উপলক্ষ্যে আসাদুজ্জামান নূর জয়ন্তী জাতীয় উদ্যাপন কমিটি ‘শুভ ৭৫’ শিরোনামে উদ্যাপন করতে যাচ্ছে। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় এ আয়োজনে সব অঙ্গনের বিশিষ্টজনের সঙ্গে দেশের সংস্কৃতিকর্মীরা অংশ নেবেন।