পাটুরিয়ায় ফেরি উদ্ধারে যৌথ অভিযানে ‘রুস্তম-হামজা’

শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা

পাটুরিয়া ঘাটে আমানত শাহ ফেরিডুবির ঘটনায় উদ্ধারকাজে যোগ দিয়েছে অপর রুস্তম। গতকাল সকাল ১০টার দিকে এ জাহাজ মুন্সীগঞ্জ থেকে এসে যোগ দেয়। গতকাল বিকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত একটি কাভার্ড ভ্যান, দুইটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আরেকটি ট্রাক উদ্ধারের চেষ্টা চলছিল। অপর উদ্ধার জাহাজ হামজা, ফায়ার সার্ভিস, পুলিশ, নৌ-পুলিশ সদস্যরা অভিযানে যৌথ প্রচেষ্টায় রয়েছে। ফেরিতে থাকা অন্য যানবাহন উদ্ধারকাজ আজ রবিবার শেষ হবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক (উদ্ধার) প্রধান সমন্বয়কারী মো. ফজলুর রহমান। তবে উদ্ধারকারী প্রতিটি জাহাজের সক্ষমতা ৬০ টনের বেশি নয়; কিন্তু ডুবে যাওয়া ফেরির বিভিন্ন অংশে পলি জমে আরো ভারী হওয়ায় প্রায় ৪ হাজার টনের বেশি ওজনের এ নৌযান উদ্ধারের বিকল্প চিন্তাভাবনা চলছে। এদিকে, ফেরি থেকে দ্রুত যানবাহন উদ্ধার ও ক্ষতিপূরণের দাবিতে গতকাল সকালে পাটুরিয়ায় ট্রাক-কাভার্ড ভ্যান মালিক-চালক সমিতি মানববন্ধন করেছে।