ফেনীতে সাম্প্রদায়িক সহিংসতা
পরশুরাম (ফেনী) সংবাদদাতা
ফেনীতে সাম্প্রদায়িক সহিংসতা চলাকালে গুলিবিদ্ধ যুবক এনামুল হক কাউছার চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার রাতে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান।
কাউছারের গ্রামের বাড়ি জেলার সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের পূর্ব ভোয়াগ গ্রামে। তার বাবার নাম একরামুল হক সবুজ। গত ১৬ অক্টোবর শহরের ট্রাংক রোডে দোকানের মালামাল কিনতে গিয়েছিলেন তিনি। বড় মসজিদের সামনে হঠাত্ সংঘর্ষ শুরু হলে তার মাথা ও মুখে গুলিবিদ্ধ হয় ।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নামাজে জানাজা শেষে শনিবার দুপুরে কাউছারকে ভোয়াগ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
কুমিল্লায় আরো একজন গ্রেফতার
কুমিল্লা প্রতিনিধি জানান, জেলায় পূজাকাণ্ডে সহিংসতার সময় ইটের আঘাতে নিহত দিলীপ কুমার দাস (৫৮) হত্যা মামলায় সাইফুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে নগরীর কান্দিরপাড় এলাকা থেকে কোতোয়ালি মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে। সাইফুল জেলার দেবীদ্বার উপজেলার এগারো গ্রামের ইব্রাহিম ব্যাপারির ছেলে।
কোতোয়ালি মডেল থানার ওসি আনওয়ারুল আজিম জানান, সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে সাইফুলকে গ্রেফতার করা হয়েছে। তাকে রিমাণ্ডে এনে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।