ভারত-নিউজিল্যান্ডের ঘুরে দাঁড়ানোর লড়াই

স্পোর্টস ডেস্ক

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে উড়ে যাওয়ার পর এমনিতেই চাপের মুখে বিরাট কোহলির ভারত। তার উপর অতীত বলছে টি-২০ বিশ্বকাপে নিউজিল্যান্ডের দুই বারের দেখায় জয়হীন তারা। তাই সব মিলিয়ে চাপে পিষ্ট থাকার কথা। অন্যদিকে নিউজিল্যান্ডের শুরুটাও হয়েছে পাকিস্তানের কাছে ৫ উইকেটে হেরে। চাপে আছে তারাও। তাই আজ দুবাইয়ে দুই দলের লড়াইটা ঘুরে দাঁড়ানো।

প্রথম ম্যাচের  সাত দিন পর দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে ভারত। লম্বা বিরতিতে পাকিস্তান ম্যাচের ভুলগুলো শুধরে ফেলার কথা। তারপরও প্রতিপক্ষ নিউজিল্যান্ড বলে কথা।  তাদের শক্তিমত্তা সম্পর্কে  বেশ ভালোই ধারণা আছে। গত আসরে নিজেদের মাটিতে নিজেদের জালেই ধরাশায়ী হয়েছিল তারা। সেই ভুল থেকে এবার শিক্ষা নিয়ে মাঠে নামতে হবে।

পাকিস্তান ম্যাচে ভারতের ব্যাটিং লাইনআপকে চুর্ণবিচুর্ণ করে দেন শাহিন আফ্রিদি। একে একে ফিরিয়ে দেন রোহিত, রাহুল ও কোহলিকে। তা নিয়ে আলোচনার রেশ এখনো কাটেনি। আজ নিউজিল্যান্ডের সেই ‘শাহিন’ হওয়ারই চেষ্টা করবেন ট্রেন্ট বোল্ট। রোহিত শর্মার বিপক্ষে বাঁহাতি এই পেসারের রেকর্ডটাও (৬ ম্যাচ, ২ উইকেট, ২৯ রান)  ভালো।

বোল্ট বলেন, ‘ভারতের বিপক্ষে শাহিন যেভাবে বোলিং করেছে তা দুর্দান্ত। তবে হ্যাঁ ভারতের কিছু কোয়ালিটি ব্যাটসম্যান আছে। আমাদের লক্ষ্য থাকবে দ্রুত উইকেট নেওয়া। তবে সেজন্য আমাদের ভালো ও নিখুঁত বোলিং করতে হবে। আশা করি, কিছুটা সুইং থাকবে, তাহলে সে রাতে শাহিন যা করেছে তার পুনরাবৃত্তি করতে পারব আমি।’

বোল্টের এমন পরিকল্পনাকে ভালোভাবেই স্বাগত জানিয়েছেন কোহলি। তিনি বলেন, ‘যদি বোল্ট বলে থাকে , সে শাহিনের পুনরাবৃত্তি করতে  চায়, তাহলে এটা করতে সে বেশ উদ্বুদ্ধ। তাই আমাদেরও তাকে চাপে ফেলতে  ও মোকাবিলা করতে  অনুপ্রাণিত হতে হবে। খেলা এভাবেই চলে, আমরা বুঝি আমাদের কী করতে হবে। চাপের মুখে ব্যাট করার চাবিকাঠিই হলো বাইরের জিনিস নিয়ে না ভাবা।’

পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটের হারের দল নিয়ে সমালোচনার শিকার হতে হয়েছে কোহলিকে। তবে মোহাম্মদ শামিকে ধর্ম নিয়ে আক্রমণ করার পাশাপাশি, দেশদ্রোহি বলেছেন কেউ কেউ। সেসব লোকেদের এবার একহাত নিলেন ভারতীয় অধিনায়ক, ‘আমাদের মাঠে নেমে ক্রিকেট খেলার ভালো কারণ আছে । এক দল মেরুদণ্ডহীন মানুষ কী বলল তাতে আমাদের যায় আসে না। ওদের কোনো দিন সামনে এসে কিছু বলার সাহস নেই। মানবিকতার সব থেকে নিচু স্তর দেখতে পেলাম। মানুষ সব থেকে খারাপ কাজ যদি কিছু করতে পারে, তা হলে সেটা হলো ধর্ম নিয়ে কাউকে আক্রমণ করা। ধর্মের ভিত্তিতে কাউকে আলাদা করে দেখার কথা কোনো দিন ভাবিনি।’

নিউজিল্যান্ডের জন্য সুখবর হলো মার্টিন গাপটিল খেলার জন্য ফিট। একই ভাবে ভারতের হয়ে হার্দিক পান্ডিয়াও ফিট। দুজনের পারফরম্যান্স ও দলে থাকা নিয়ে আলোচনা-সমালোচনা চলছে রোজ। দেখা যাক আজ সেগুলোর জবাব দিতে পারেন কি না তারা।

হেড-টু-হেড

ম্যাচ-১৬

ভারত-৮

নিউজিল্যান্ড-৮