বিরাট কোহলি
পাকিস্তানের বিরুদ্ধে দলের সর্বাধিক স্কোর ছিল ভারত অধিনায়কের নামের পাশে। চাপের মুখে অর্ধশতরানের ইনিংস (৫৭) খেলে ফর্মে ফেরার বার্তা দিয়েছিলেন তিনি। কিউইদের বিরুদ্ধেও ভারতের অন্যতম ভরসা কোহলি। বরাবরই বড় ম্যাচের প্লেয়ার তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে তার রেকর্ডও দারুণ উজ্জ্বল।
তাই কঠিনতম আজকের ম্যাচে তার দিকে তাকিয়ে থাকবেন সমর্থকরা।
রোহিত শর্মা
ভারতীয় দলের তারকা ওপেনারের ব্যাট থেকে রান আসা অত্যন্ত জরুরি। পাকিস্তানের বিরুদ্ধে খাতা খোলার আগেই ডাগ-আউটে ফিরেছিলেন। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে রোহিত রানে ফিরলে চাপ অনেকটাই কমে যাবে দলের। টি-টোয়েন্টি ফরম্যাটে তার স্ট্রাইক রেট ও গড় দুর্দান্ত। কম বলে লম্বা ইনিংস খেলার ক্ষেত্রে রোহিতের জুড়ি মেলা ভার।
কেন উইলিয়ামসন
এই মুহূর্তে বিশ্বের অন্যতম ধারাবাহিক ব্যাটসম্যান। বিশেষ করে ভারতের বিরুদ্ধে উইলিয়ামসনের ব্যাট যেন আরো বেশি চওড়া হয়ে যায়। ২০১৯ ওয়ান-ডে বিশ্বকাপের সেমি-ফাইনালে কার্যত একার হাতেই কোহলিদের বিদায় ঘণ্টা বাজিয়ে দিয়েছিলেন তিনি। ক্রিকেটের তিন ফরম্যাটে ব্যাটিং করতে সক্ষম। আর এই কারণেই কোহলির সঙ্গে তার দ্বৈরথ আলাদা মাত্রা পাবে।
লোকেশ রাহুল
প্রথম ম্যাচে ব্যর্থ হলেও রোহিত শর্মার সঙ্গে ওপেনিং জুটিতে নামতে পারেন লোকেশ রাহুল। আইপিএলে দুর্দান্ত ছন্দে ছিলেন ভারতের এই তারকা ব্যাটসম্যান। লম্বা ইনিংস খেলতে অভ্যস্ত তিনি। সবচেয়ে বড় কথা পেস এবং স্পিন দুই ধরনের বোলিংয়ের বিরুদ্ধেই সাবলীল ব্যাট করার দক্ষতা রয়েছে তার। আজকের ম্যাচে রাহুলের ব্যাট জ্বলে উঠলে কিউইদের কপালে ভাঁজ পড়বেই।
ডেভন কনওয়ে
কিউই ক্রিকেটের নতুন তারকা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় বোলারদের রীতিমতো কাঁদিয়ে ছেড়েছিলেন ডেভন কনওয়ে। অল্প সময়েই দেশের হয়ে সব ফরম্যাটে চমকপ্রদ পারফরম্যান্স মেলে ধরেছেন কনওয়ে। টেস্টে তার গড় ৬৩, ওয়ান-ডেতে ৭৫ এবং টি-২০ ম্যাচে ৫৫.৫৫। এবার বিশ্বকাপে নিজেকে মেলে ধরতে বদ্ধপরিকর বাঁহাতি এই ব্যাটার।
যশপ্রীত বুমরাহ
পাকিস্তানের বিরুদ্ধে কোনো উইকেট না পাননি। তবে টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে দলের একমাত্র কৃপণ বোলার ছিলেন বুমরাহই। ৩ ওভারে ২২ রান দিয়েছিলেন তিনি। দলের পেস আক্রমেণর প্রধান অস্ত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ইতিমধ্যে। নতুন বলে বুমরাহ সবসময়ই ভয়ংকর। তার ৪ ওভার নিউজিল্যান্ড ব্যাটসম্যানদের আজ ঘাম ছোটাতে পারে।
ইশ সোধি
নিউজিল্যান্ড স্কোয়াডের সেরা স্পিনার সোধি। লেগ ব্রেক ও গুগলিতে বিশ্বের যে কোনো ব্যাটসম্যানকে বিভ্রান্ত করতে সক্ষম। আরব দেশের স্পিন সহায়ক উইকেটে উইলিয়ামসনের জন্য আজ তুরুপের তাস হতে পারেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে গত ম্যাচে দলের সেরা বোলিং পারফরম্যান্স ছিল তারই। দল হারলেও ২৮ রানে ২ উইকেট নিয়েছিলেন সোধি।