নওগাঁয় পানিতে ডুবে একসঙ্গে চার শিশুর মৃত্যু

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় শহরের আরজি-নওগাঁ মহল্লারি একটি পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ একই সঙ্গে চার শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে আরজি নওগাঁর নামা শেরপুর এলাকায় এই ঘটনাটি ঘটে।

মৃত চার শিশু হলো :এলাকার টুকু মণ্ডলের মেয়ে সুরাইয়া (১০) এবং ছেলে ফরহাদ (৬), সালাম মন্ডলের মেয়ে খাদিজা (৮), আনোয়ার হোসেনের মেয়ে আশা (১০)।

স্থানীয়রা জানান, দুপুরে তাদের বাড়ির পাশে ছয় শিশু কাদা-মাটি নিয়ে খেলছিল। কাদা মাটি তাদের শরীরে মেখে গেলে সবার অজানতেই ঐ ছয় শিশু পাশের একটি পুকুরে পরিস্কার হতে যায়। এ সময় চার শিশু পুকুরে নেমে হাত-পা ও শরীর পরিস্কার করতে নেমে একে একে চার জনই ডুবে যায় পুকুরের পানিতে। অপর দুই শিশু পুকুরের পাড়ে থেকে ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত তাদের পরিবারের সদস্য ও স্থানীয়দের সংবাদ দেয়।       স্থানীয় ও পরিবারের লোকজন দ্রুত পুকুরে অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে ঐ পুকুরে জাল দিয়ে  খুঁজে ঐ চার শিশুর মরদেহ উদ্ধার করে। পরে তাদের নওগাঁ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক তাদের মৃত ঘোষণা করেন। এদিকে চার শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।