কক্সবাজারে সড়কে ঝরলো বাবা-ছেলের প্রাণ

কক্সবাজারের রামুতে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক চাপায় ইজিবাইকের আরোহী দুইব্যক্তি নিহত হয়েছেন। নিহতরা সম্পর্কে বাবা-ছেলে। 

শনিবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে রামু উপজেলার রশিদনগরে পানিরছড়া উচ্চবিদ্যালয়ের সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কক্সবাজার জেলার রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের কাদমরপাড়ার ইউনুস সওদাগর (৪৫) ও তার ছেলে মো. রুবেল (১৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক রশিদনগরে পানিরছড়া উচ্চবিদ্যালয়ের সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী ইজিবাইককে চাপা দেয়। এতে ইজিবাইকের যাত্রী ইউনুস সওদাগর ঘটনাস্থলেই নিহত হন। অন্যদিকে, গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যান তার ছেলে রুবেল।

বিষয়টি নিশ্চিত করে রামু থানার উপ-পরিদর্শক (এসআই) মনজুরুল ইসলাম জানান, পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করেছে। নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এমআর