পশ্চিমবঙ্গে ৪ কেন্দ্রে উপনির্বাচন, বিক্ষিপ্ত সহিংসতা

গতকাল শনিবার পশ্চিমবঙ্গে ৪ কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত সহিংসতা হয়েছে। এছাড়া খড়দায় প্রয়াত তৃণমূল এমএলএ কাজল সিনহার ছেলে আর্যদীপ সিনহার ওপর হামলা হয়েছে। প্রতিবাদে তৃণমূল কংগ্রেস সমর্থকরা সড়ক অবরোধ করেন।

নির্বাচন কমিশন সূত্র জানায়, বিকাল ৫টা পর্যন্ত দিনহাটায় ভোট পড়ে ৬৯.৯৭ শতাংশ, খড়দায় ৬৩.৯০ শতাংশ, শান্তিপুরে ৭৬.১৪ শতাংশ এবং গোসাবায় ৭৫.৯১ শতাংশ। তবে কমিশনের কাছে খড়দা এবং দিনহাটা নিয়ে কয়েকটি অনিয়ম ও সহিংসতার অভিযোগ এসেছে। জেলা প্রশাসনের কাছে তার রিপোর্ট চাওয়া হয়েছে। খড়দার ২টি বুথে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে হামলার চালানোর অভিযোগ উঠেছে গত নির্বাচনে খড়দায় জয়ী তৃণমূল প্রার্থী প্রয়াত কাজল সিনহার ছেলে ওপর। এদিকে, দিনহাটায় বিজেপি এমপি, কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক সশস্ত্র জওয়ান পরিবেষ্টিত হয়ে ভোটকেন্দ্রে আসেন। ফলে  নির্বাচনবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে। জানা গেছে, আগামী ২ নভেম্বর মঙ্গলবার সকাল ৮ থেকে শুরু হবে গণনা।