রামপুরায় যুবককে কুপিয়ে হত্যা

রাজধানীর রামপুরা বউবাজার এলাকায় দুর্বৃত্তরা এক যুবককে কুপিয়ে হত্যা করেছে। নিহত যুবকের নাম আলমগীর হোসেন (৩২)। গত শুক্রবার দিনগত রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে তার মৃত্যু হয়। গত শনিবার পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়।

রামপুরা থানার এসআই মহিদুল ইসলাম জানান, ২৯ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বউবাজার বরফগলিতে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে চিকিত্সকরা তাকে হূদেরাগ ইনস্টিটিউটে পাঠিয়ে দেয়। সেখানে আলমগীরের অবস্থার অবনতি হলে রাতে তাকে আবার ঢামেক হাসপাতালে নেওয়া হয়। গভীর রাতে সেখানে তার মৃত্যু হয়।

এসআই আরো জানান, নিহত আলমগীরের দুই পায়ের হাঁটুর পেছনে ধারালো অস্ত্রের গভীর আঘাত ছিল। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। নিহত আলমগীরকে হাসপাতালে নিয়ে আসা মো. নয়ন খান বলেন, আলমগীরের বাবার নাম আতশ আলী। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ কোতোয়ালির চড়শিকদার গ্রামে। আলমগীর রাজমিস্ত্রির কাজ করত। এছাড়া সিএনজিচালিত অটোরিকশাও চালাত। আলমগীরের বাসা রামপুরা বউবাজার আদর্শ গলিতে। গত শুক্রবার সন্ধ্যায় তিনি বউবাজার বরফগলিতে দাঁড়িয়ে ছিলেন। এ সময় এক যুবক আলমগীরের দুই পায়ের হাঁটুর পেছনে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে আলমগীরকে রক্তাক্ত অবস্থায় স্থানীয় বেটারলাইফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢামেক হাসপাতালে আনা হয়।